এশিয়া কাপ ক্রিকেট শুরু ১২ মার্চ
তৃতীয়বারের মতো এশিয়া কাপ ক্রিকেটের আসর বসছে বাংলাদেশে। এর আগে ১৯৮৮ ও ২০০০ সালে দুবার অনুষ্ঠিত হয়েছিল আসর। ২০১২ সালের ১২ মার্চ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ১১তম এশিয়া কাপ ক্রিকেট। এবার চারটি টেস্ট খেলুড়ে দেশ অংশ নিবে আসরে। ফাইনাল ২২ মার্চ। দিবা-রাত্রির সবগুলো খেলাই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
বাংলাদেশের ক্রিকেটের আজকের অবস্থানে আসার পেছনে অন্যতম অবদান ১৯৮৮ সালে দ্বিতীয় এশিয়া কাপ ক্রিকেট। ওই আসরের পরপরই বাংলাদেশে ক্রিকেটের জাগরণ ঘটেছিল। ২০০০ সালে আরও একবার বসেছিল এশিয়া কাপ। কিন্তু প্রথমটির মতো এত ব্যাপক সাড়া ফেলতে পারেনি। আর্থিক লাভের কথা বিবেচনা করেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবার স্বাগতিক করেছে বাংলাদেশকে। গত ফেব্রুয়ারিতে বিশ্বকাপ ক্রিকেটের সহ-আয়োজক ছিল বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠান, দুটি কোয়ার্টারফাইনালসহ মোট ৮টি খেলা হয়েছিল বাংলাদেশে। ১১তম আসরের আয়োজক হতে চেয়েছিল হংকং ও দুবাই। এশিয়া কাপ ক্রিকেট আগামী মার্চে হলেও গতকাল আনুষ্ঠানিকভাবে যাত্রার কথা বলেছেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তাফা কামাল। বিসিবির সভাপতি বর্তমানে এসিসির সভাপতিও। আইসিসির পরবর্তী সহ-সভাপতি হওয়ার জন্য বিসিবি মুস্তাফা কামালের নাম ঘোষণা করেছে। গতকাল স্থানীয় এক হোটেলে এশিয়া কাপের আনুষ্ঠানিকতা ঘোষণা করতে যেয়ে মুস্তাফা কামাল বলেন, 'বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও পাকিস্তানের বাইরে অন্য দেশগুলোতে এশিয়া কাপের আয়োজন করা হলে আর্থিকভাবে লাভবান হওয়া যাবে না। অর্থ না থাকলে ক্রিকেটের উন্নয়ন কর্মসূচি চালনা সম্ভব নয়। হংকং, দুবাইসহ অন্যান্য দেশে এসব অর্থ থেকে ক্রিকেটের উন্নয়নে কাজ করছে এসিসি। এতে করে সেসব দেশেও ক্রিকেটের প্রসার ঘটছে।' এশিয়া কাপ ক্রিকেটের ১১তম আসরকে সামনে রেখে গতকাল সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ছাড়াও বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, এসিসির প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক এবং বিসিবির প্রধান নির্বাহী মঞ্জুর আহমেদ।
আশরাফুল হক এক সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে এসিসির প্রধান নির্বাহী। তিনমাস আগে সংবাদ সন্মেলনের বিষয়ে আশরাফুল হক বলেন, '২০১২ সালের ১২ মার্চ এশিয়া কাপ শুরু হওয়ার নিশ্চিত তারিখ জানাতেই এ আয়োজন।' এশিয়া কাপ আয়োজনে শঙ্কার সৃষ্টি হয়েছিল। মার্চে ভারত ও পাকিস্তান সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের অনাগ্রহে সিরিজটি হচ্ছে না। তাই এশিয়া কাপ আয়োজনে আর কোন বাধা থাকেনি। এশিয়া কাপের গত আসর বসেছিল পাকিস্তানে। সেবার আইসিসির সহযোগী দুই দেশ আরব আমিরাত ও হংকং অংশ নিয়েছিল। কিন্তু এবার বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা অংশ নিবে। চার দল পরস্পরের বিপক্ষে লিগ পদ্ধতিতে খেলবে। শীর্ষ দুই দল ২২ মার্চ ফাইনালে খেলবে। ফাইনালের রিজার্ভ ডে ২৩ মার্চ। টুর্নামেন্টের প্রাইজমানি দুই লাখ ৬০ হাজার মার্কিন ডলার। চ্যাম্পিয়ন দল পাবে ৬০ হাজার ডলার। রানার্সআপ ৩০ হাজার মার্কিন ডলার। লিগ পর্যায়ের জয়ী দল পাবে ১০ হাজার মার্কিন ডলার। ম্যান অব দ্য ম্যাচ ৫ হাজার, 'ম্যান অব দ্যা' ফাইনাল ৭৫০০ মার্কিন ডলার। 'ম্যান অব দ্য টুর্নামেন্ট' ১২৫০০ ডলার।
এশিয়া কাপ ২০১২ এর ফিক্সচার
তারিখ ম্যাচ ভেন্যু
১২ মার্চ, ২০১২ বাংলাদেশ-পাকিস্তান মিরপুর
১৩ মার্চ, ২০১২ ভারত-শ্রীলঙ্কা মিরপুর
১৫ মার্চ, ২০১২ পাকিস্তান-শ্রীলঙ্কা মিরপুর
১৬ মার্চ, ২০১২ বাংলাদেশ-ভারত মিরপুর
১৮ মার্চ, ২০১২ ভারত-পাকিস্তান মিরপুর
২০ মার্চ, ২০১২ বাংলাদেশ-শ্রীলঙ্কা মিরপুর
২২ মার্চ, ২০১২ ফাইনাল মিরপুর


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন