সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

জৈন্তাপুরে দুর্ঘটনায় দুই শিক্ষিকাসহ নিহত ৯




সিলেট-তামাবিল মহাসড়কে সিলেটগামী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলশিক্ষিকাসহ নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। আজ সোমবার বেলা একটায় জৈন্তাপুরের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আটজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন জৈন্তাপুর কোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তৃপ্তি রানী দে (২৮), একই উপজেলার বড়াইখাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ববিতা রানী দাস, বাসচালক আনোয়ার হোসেন (২৮), বাসযাত্রী সালমা বেগম (৪৫) ও তাঁর ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র নোমান আহমেদ (১০) এবং বাসের আরেক যাত্রী খাতুন বিবি (৫৫)। বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘটনাস্থলে থাকা জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) কামালউদ্দিন জানান, জৈন্তাপুরের সারিঘাটে জাফলং থেকে সিলেটগামী যাত্রীবাহী বাসের সঙ্গে জাফলংমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাস ও ট্রাক দুটোই চলছিল বেপরোয়া গতিতে। এতে ঘটনাস্থলে দুই বাসচালকসহ চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও পাঁচজন মারা যান। নিহতদের মধ্যে ট্রাকের চালক এবং দুই নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন