সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

কাকরাইলে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই

রাজধানীর কাকরাইলে আজ সোমবার গুলি করে একটি তৈরি পোশাক-কারখানার দুই কর্মকর্তার কাছ থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। তবে তাদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও রমনা থানার পুলিশ জানায়, কাকরাইলের ইস্টার্ন ম্যানশনের একটি পোশাক-কারখানার ব্যবস্থাপক তাজুল ইসলাম ও হিসাবরক্ষক ইকবাল হোসেন বেলা একটার দিকে শান্তিনগরের একটি ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে রিকশাযোগে কর্মস্থলে ফিরছিলেন। দুটি খামের প্রতিটিতে পাঁচ লাখ টাকা করে ছিল। দুজনের কাছে দুটি খাম ছিল। কর্মস্থলের সামনের সড়কে রিকশা থেকে নেমে ভাড়া দেওয়ার সময় হঠাত্ দুটি মোটরসাইকেলে চার যুবক এসে তাঁদের ঘিরে ধরে। যুবকেরা তাজুলের মুখে ঘুষি মারে এবং দুজনের কাছে থাকা টাকাভর্তি খাম দুটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তাঁরা বাধা দিলে ও ছিনতাইকারীদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। ছিনতাইকারীরা তাঁদের লক্ষ্য করে দুটি এবং ফাঁকা একটি গুলি করে টাকাসহ খাম দুটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে উঠে দ্রুত চলে যায়। তবে দুটি গুলিই লক্ষ্যভ্রষ্ট হয়।
তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, রিকশা থেকে নামার সময় কিছু দূরে তিনজন পুলিশ ছিল। তবে ঘটনার সময় তাদের দেখা যায়নি। আশপাশে লোকজন জড়ো হলেও যুবকদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় ভয়ে কেউ এগিয়ে আসেনি। ছিনতাইকারীরা যে দুটি মোটরসাইকেলে এসেছিল, তার একটির নম্বর টুকে রাখা হয়েছে।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) খান মো. জোবায়ের বলেন, ছিনতাইয়ের ঘটনায় তাজুল ইসলাম অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। এজাহারে একটি মোটরসাইকেলের নম্বর উল্লেখ করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন