রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান সাইফ কারিনা দীপিকা আসছেন





মাঠের পারফরম্যান্স ভালো নয়। দীর্ঘ পরিসরের ম্যাচ, ওয়ানডে না টি-২০, কোন ধরনের ক্রিকেটকে প্রাধান্য দিবে, এখনো ঠিক করে উঠতে পারেনি ক্রিকেট বোর্ড। প্রিমিয়ার ক্রিকেটের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জাতীয় ক্রিকেট। অথচ দীর্ঘ পরিসরের ম্যাচের জন্য আহাজারি জাতীয় দলের ক্রিকেটারদের। সব মিলিয়ে ক্রিকেট বোর্ডের পলিসি এখন সংশয়ের খাতায় তালিকাভুক্ত। ওয়ানডে ক্রিকেটের পারফরম্যান্স লজ্জাজনক না হলেও টেস্টে যাচ্ছেতাই। জাতীয় দল এমন লজ্জাজনক অবস্থা থেকে পরিত্রাণ পেতে বেশি বেশি করে দীর্ঘ পরিসরের ম্যাচ আয়োজনের দাবি জানাচ্ছেন বিসিবিকে। অথচ বিসিবি এখন মেতে আছে বিপিএল নিয়ে। বিপিএল আয়োজনের যৌক্তিক কারণও রয়েছে বোর্ডের। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে বিপিএল আয়োজনের বিকল্প নেই। ক্রিকেটের লাভ হউক আর না হউক, শর্টার ভার্সান এ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে বিসিবির কোষাগার স্ফীত হবে কোনো সন্দেহ নেই। এই টুর্নামেন্টের স্বত্ব ৬ বছরের জন্য সাড়ে তিনশ কোটি টাকায় বিক্রি করেছে ভারতীয় ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পানি 'গেম অন স্পোর্টস'কে। ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পানিটি ইতোমধ্যে আগামী দুবছরের 'গ্যারান্টি মানি' ৭০ কোটি টাকা দিয়েছে ক্রিকেট বোর্ডকে। টুর্নামেন্টের দলগুলোর স্বত্ব বিক্রয়ের ফ্লোর প্রাইসও নির্ধারণ করেছে বোর্ড, এক মিলিয়ন ডলার বা ৮ কোটি টাকা। এই স্বত্ব বিক্রয় করা হবে ১০ বছরের জন্য। তবে সব কিছুকে ছাপিয়ে যাবে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান যাতে মানুষের মন জয় করে, সেজন্য আনা হচ্ছে বলিউড তারকা সাইফ আলী খান, কারিনা কাপুরদের।

গত ২১ ডিসেম্বর ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পানি ছয় বছরের জন্য টুর্নামেন্টের স্বত্ব কিনেছে ৪৪.৩৩ মিলিয়ন ডলার বা সাড়ে ৩৫৪ কোটি টাকায়। টুর্নামেন্টের উদ্বোধন ৯ ফেব্রুয়ারি এবং মাঠে গড়াবে ১০ ফেব্রুয়ারি। খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে। মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি স্বত্ব কিনবে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার। ঢাকা ও চট্টগ্রামে মোট ৩৩টি ম্যাচ হবে ডাবল লিগের এ টুর্নামেন্টের। আগামী ৫ জানুয়ারি ফ্র্যাঞ্চাইজি কোম্পানিগুলোর নিলাম অনুষ্ঠিত হবে ঢাকায়। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি কোম্পানিকে বিভাগের স্বত্ব কিনতে বিসিবিকে দিতে হবে ৮ কোটি টাকা। ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হবে কক্সবাজারে।

টুর্নামেন্টকে বিশ্বব্যাপী আকর্ষণীয় করে তুলতে আয়োজন করা হচ্ছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের। তবে বিশ্বকাপ ক্রিকেটের মতো এত বড় আকারের হবে না বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, 'আমাদের টার্গেট জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের। তবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মনোমুগ্ধ হবে কোনো সন্দেহ নেই।' এ অনুষ্ঠান আয়োজনের জন্য ইতোমধ্যে ভারতীয় বেশ কয়েকটি কোম্পানি তাদের প্রস্তাব রেখেছে। বলিউড নায়ক চাঙ্কি পান্ডে এর অন্যতম।

উদ্বোধনী অনুষ্ঠানের স্থায়িত্ব দেড় থেকে দুই ঘণ্টা। এই সময়ের মধ্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত সবই থাকবে। এ ছাড়া গ্রাম বাংলার সংস্কৃতিও তুলে ধরা হবে উদ্বোধনী অনুষ্ঠানে। উদ্বোধনী অনুষ্ঠানে এই সময়কার জনপ্রিয় বলিউড তারকা সাইফ আলী খান, কারিনা কাপুর, দিপিকা পাদুকোনের থাকার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এ ছাড়া জনপ্রিয় গায়ক শান, শ্রেয়া ঘোষাল ও সুনিধি চৌহানও আসবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পিরাও গান গাইবেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন