শুক্রবার, ২ মার্চ, ২০১২

ফেনসিডিল পাচারে ডিবি পুলিশ!


ফেনসিডিল পাচারে ডিবি পুলিশ!


রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের তিন সদস্যসহ চারজনকে ফেনসিডিলসহ আটক করেছে টাস্কফোর্স। আটককৃতরা হলো কনস্টেবল সিদ্দিকুল ইসলাম, আবদুস সামাদ, লাল মাহমুদ এবং অটোরিকশাচালক সাইফুল ইসলাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদক অধিদফতর ও র‌্যাব-৫ এর সমন্বয়ে টাস্কফোর্স বৃহস্পতিবার রাত ১টার দিকে রাজশাহী মহানগরীর রাইপাড়া এলাকায় অভিযান চালায়। তাদের কাছে তথ্য ছিল, কয়েকজন পুলিশ সদস্য মাদকের একটি বড় চালান স্থানান্তর করছে। অভিযানকালে ৯৫৪ বোতল ফেনসিডিলসহ মহানগর গোয়েন্দা পুলিশের তিন কনস্টেবল ও এক অটোরিকশা চালককে আটক করা হয়। এ সময় আটককৃতরা মাদক উদ্ধার অভিযানে থাকার কথা বললেও টাস্কফোর্সের কাছে সংশ্লিষ্ট থানার আদেশনামা ও জব্দ তালিকা দেখাতে পারেনি। এমনকি তাদের কাছে ডিবি পুলিশের ইউনিফর্মও ছিল না বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক ভূপতি কুমার বর্মা। তিনি বলেন, তাদের পরিচয় পুলিশ কিনা এটা বড় কথা নয়, মাদক পাচারকারী হিসেবেই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবীর বলেন, আটককৃতদের পক্ষ থেকে যে আদেশনামা উপস্থাপন করা হয়েছে তাতে ফ্লুইড মারা ও ভুলে ভরা। ওই ভুয়া আদেশনামায় ইউনিফর্ম নেওয়ার কথা উল্লেখ থাকলেও তাদের কাছে কোনো ইউনিফর্ম পাওয়া যায়নি। মাদক উদ্ধারে নামলে তাদের কাছে হ্যান্ডকাফ থাকার কথা, কিন্তু সেটাও নেই। সর্বোপরি আটককৃতরা মাদক চোরাচালান করছে সুস্পষ্ট তথ্য পাওয়ার পরই অভিযান চালানো হয়েছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন