রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

পরকীয়া সফল করতে স্বামী খুন স্ত্রী গ্রেফতার



পরকীয়া সফল করতে স্বামীকেই দুনিয়া থেকে সরিয়ে দিল স্ত্রী ও তার প্রেমিক। হতভাগ্য স্বামী সিভিল এভিয়েশনের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন (৪৮)। শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ কাওলা বিমান স্টাফ কোয়ার্টারের এইচ-জি/৪/৬ নম্বর ফ্ল্যাট থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে। এ সময় তার স্ত্রী মুক্তা জাহানকে (৩০) গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পরকীয়ার কারণে স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন। মুক্তার বরাত দিয়ে পুলিশ জানায়, 'পারিবারিকভাবে জাহাঙ্গীর হোসেনের সঙ্গে তার বিয়ে হলেও সাত-আট বছর ধরে দাম্পত্য কলহ চলছিল। সংসারে ছিল আর্থিক টানাপড়েন। এ নিয়ে প্রশ্ন তুললেই তার ওপর হাত তুলতেন জাহাঙ্গীর। তাছাড়া চার-পাঁচ বছর ধরে জাহাঙ্গীর বিভিন্ন রোগে ভুগছিলেন।' বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) শামীমুর রশিদ জানান, 'নিহতের চাচাতো ভাই জসিমের সঙ্গে দুই বছর ধরে পরকীয়ায় জড়িয়ে পড়েন মুক্তা। তাই পথের কাঁটা সরিয়ে দিতে তারা জাহাঙ্গীরকে হত্যার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা অনুযায়ী দুই ছেলেমেয়েকে কোচিংয়ে নিয়ে যান মুক্তা। এ সময় ফ্ল্যাটের দরজা খুলে রেখে যান। পরে জসিম ঘরে ঢুকে জাহাঙ্গীরকে হত্যা করে।' তিনি জানান, 'তাকে বালিশচাপায় হত্যা করা হয়েছে বলে আমাদের ধারণা। রক্তে ভেজা একটি বালিশ উদ্ধার করা হয়েছে। তাছাড়া গলায় আঘাতেরও চিহ্ন রয়েছে।' মুক্তাকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে পাঠানো হয়। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাগিনা বাদশা মিয়া বলেন, 'মুক্তা বেশির ভাগ সময়ই মোবাইল ফোনে কথা বলায় ব্যস্ত থাকতেন। সংসারের প্রতি তার দায়িত্ববোধই ছিল না। গত এক বছরে মামার সঙ্গে তাকে ভালো করে কথা বলতে দেখিনি।'

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন